ওবামা কেয়ারে বিশৃঙ্খলা! নতুন স্বাস্থ্যমন্ত্রী বারওয়াল

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:১৪
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন হোয়াইট হাউজের বাজেট পরিচালক সিলভিয়া ম্যাথিউস বারওয়াল। ক্যাথলিন সিবালিয়াসের পদত্যাগের পর গত শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারওয়ালকে মনোনয়ন দেন। ওবামাকেয়ার নামে পরিচিত বহুল আলোচিত স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় এই পরিবর্তন হলো বলে অনেকের ধারণা। মনোনয়নের পর বারওয়ালের প্রশংসা করে ওবামা বলেছেন, তিনি অভিজ্ঞ এবং পরিক্ষীত একজন ব্যবস্থাপক। তিনি ভালভাবেই দায়িত্ব সামলাতে পারবেন বলে আস্থা প্রকাশ করেন ওবামা। সিনেটের অনুমোদন পেলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারওয়ালের নিয়োগ চূড়ান্ত হবে। উল্লেখ্য, ২০০৯ সালে ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণের সময় থেকেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন সিবালিয়াস। ২০১৩ সালের অক্টোবর স্বাস্থ্যবীমার সম্পর্কিত তথ্য নথিভুক্ত করার ওয়েবসাইট-গুলোতে সমস্যা দেখা দেয়ায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠে। তখন ওবামা সেই দাবি আমলে নেননি। সম্প্রতি নিজের সিদ্ধান্তেই ক্যাথলিন পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ওবামাকেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট হল প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এর আরেক নাম যা ২০১০ সালের ২৩ মার্চ প্রেসিডেন্ট ওবামার স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। পরবর্তী সময়ে এটি ওবামাকেয়ার নামে পরিচিত হয়ে ওঠে। ওবামার সমর্থকগোষ্ঠী এই আইনটিকে অভ্যন্তরীণভাবে অন্যতম প্রধান অর্জন বলে স্বাগত জানালেও এটি প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশংকা দেখা দিয়েছে।