জাতির পিতাকে নিয়ে কটূক্তি বন্ধে আইন হবে :নাসিম

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:৪৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতির পিতাকে নিয়ে কেউ যাতে কটূক্তি করতে না পারে সেজন্য নতুন আইন প্রণয়ন করা হবে। এ ধরনের অপরাধের জন্য নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হবে। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, এদেশে বারবার বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতির অপতত্পরতা চলেছে। কিন্তু সত্যকে ঢাকা যায়নি। মেঘ কখনো সত্যকে ঢাকতে পারে না। বঙ্গবন্ধুকে যারা ছোট করতে চেয়েছেন তারা নিজেরাই ছোট হয়েছেন। সংগঠনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিয়া মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।