টেকনাফ স্থল বন্দরে সাত কোটি টাকার রাজস্ব আদায়

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০০
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মার্চ মাসে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এ মাসে মিয়ানমারে একদিনের ট্রানজিট দিয়ে পণ্য আসা-যাওয়া বন্ধের কারণে নতুন পণ্য আমদানি হওয়ায় রাজস্ব আদায় বেশি হয়েছে। কাস্টসম সূত্র জানায়, ২০১৩-২০১৪ অর্থ বছরের মার্চ মাসে ২৭২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৬ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার রাজস্ব আদায় হয়েছে। যার ফলে মিয়ানমার থেকে ৩৮ কোটি ২৬ লাখ ২৯ হাজার ৩১২ টাকার পণ্য আমদানি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক টেকনাফ স্থল বন্দরে ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৪৩৭ টাকা বেশি আদায় হয়েছে। অপরদিকে ৭৮টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ২ কোটি ২৫ লাখ ২৬ হাজার ৭৭৩ টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। এ মাসে কিছু নতুন পণ্য আসা-যাওয়ায় আমদানি ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মোঃ নূরে আলম জানান, মার্চ মাসে বিজিবির পদক্ষেপের কারণে ট্রানজিট ঘাট দিয়ে পণ্য আসা-যাওয়া বন্ধের কারণে আমদানি-রপ্তানিতে নতুন পণ্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।