পটিয়ায় স্কুল ছাত্রী মুক্তা হত্যাকাণ্ড পুলিশকে মামলা করার নির্দেশ

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০২
চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন চেয়ারম্যানরা স্কুল ছাত্রী মুক্তা মুখার্জীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা করেন। পুলিশের এতদিন রহস্যজনক ভূমিকা পালন করায় বিভিন্ন এলাকার চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করেন। পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পরও পুলিশের কোন মামলা না করা ও আসামিকে গ্রেফতার না করায় সভায় আলোচনা হয়। এক পর্যায়ে উপস্থিত চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন পটিয়া থানা অফিসার ইনর্চাজ মফিজ উদ্দীনকে বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এ সময় স্কুল ছাত্রী মুক্তা মুখার্জীর হত্যা ও ধর্ষণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ধলঘাট ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ফরিদ, বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম বলেন, ধর্ষক ও হত্যাকারী পলাশকে গ্রেফতার করা গেলে মূল রহস্য বেরিয়ে আসবে। এদিকে স্কুল ছাত্রীর ধর্ষক ও হত্যাকারী পলাশ ভট্টাচার্য্যর বিচারের দাবিতে বৃহস্পতিবার থানা মোড় চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডস সাধারণ সম্পাদক নিলুফার জাহার বেবী, উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও ইউপি সদস্যা শিলা দাশ, সাধারণ সম্পাদিকা মদিনা বেগম, সনাক-টিআইবির রাজীব, মামুন, সজীব, মনিষা দাশ, শম্পা, উর্মি আকতার, নাজমিন আকতার, কুসুম, মাহি, রোকসানা আকতার, পিয়াল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, ইভা আকতার, পারভীন আকতার, রুবি আকতার, প্রিয়া, নাছরিন আকতার, হিরু, সুমা, সাইমা আকতার, সাথী, রাইসা প্রমুখ।