জোয়ারিয়ারনালা পাহাড়ে ১২০ ভূমিহীন পরিবারকে উচ্ছেদ না করার দাবি

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০৩
রামুর জোয়ারিয়ারনালা পাহাড়ে ভূমিহীন ১২০ পরিবারকে উচ্ছেদ না করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে উচ্ছেদ আতংকে থাকা পরিবারগুলো। জানা যায়, রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ায় বনবিভাগের বৃক্ষশূন্য পাহাড়ে সম্প্রতি বসতি গড়ে তুলে এলাকার ভূমিহীন ১২০টি পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ-শিশু। ইতিমধ্যে এসব পরিবার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এ অবস্থায় বনবিভাগ এসব ভূমিহীনকে উচ্ছেদ করার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। উচ্ছেদ ঠেকাতে ‘যান দিতে’ প্রস্তুতি নিচ্ছে বসতি গড়ে তোলা লোকজন। স্থানীয় বাসিন্দা ছমুদা, হাছিনা ও আবদুল জব্বার প্রধানমন্ত্রী ও বনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা সহায়-সম্পদহীন ১২০টি পরিবার এই বৃক্ষশূন্য পাহাড়ে সপরিবারে আশ্রয় নিয়েছি। আমরা সরকারের কাছে ভাত চাই না, কাপড় চাই না, শুধু একটু মাথা গোঁজার ঠাঁই চাই। গতমাসের শেষদিকে বনবিভাগ-বিজিবি-পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করলে তাদের মুখোমুখি অবস্থান নেয় শত শত নারী-পুরুষ। ফলে প্রশাসন উচ্ছেদ না চালিয়েই ফিরে আসে।