নির্বাচনী জনমত জরিপ ভুল প্রমাণ হবে :রাহুল

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:১৯
ভারতে লোকসভা নির্বাচনের প্রার্থী কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে মিডিয়া ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আগেভাগেই বিজয়ী বানিয়ে দিচ্ছে। আর বিজেপি নেতা নরেন্দ্রী মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে জরিপকারীরা। কিন্তু আমি বলছি, ভোটের পর এসব জনমত জরিপ ভুল বলে প্রমাণিত হবে। কংগ্রেসের জনপ্রিয়তা এবং দলটির প্রতি ভালোবাসার ধরন ও তার ব্যাপকতা পরিমাপ করতে জরিপকারীরা ভুল করেছে বলে রাহুল মনে করেন। রাহুল গান্ধী গতকাল শনিবার উত্তর প্রদেশের আমেথি থেকে তার মনোনয়নপত্র দাখিল করার পর এসব কথা বলেন। রাহুলের মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা ও তার স্বামী রবার্ট ভদ্র এসময় তার সঙ্গে ছিলেন। রাহুল টানা তৃতীয়বারের মতো এ আসন থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন রাহুল। এর আগে দু’বার তিনি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। মনোনয়নপত্র দাখিলের পর রাহুল আরো বলেন, ‘আমি ১০ বছর ধরে আমেথির জন্য কাজ করে আসছি। আমেথির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। এটি হবে এক সুন্দর বিজয়।’ মনোনয়নপত্র দাখিলের জন্য আমেথির গৌরীগঞ্জ যাওয়ার সময় গান্ধী পরিবারের সদস্যদের বিপুল সংবর্ধনা দেয়া হয়। কংগ্রেসের স্থানীয় শাখার প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৪ সাল থেকে আমেথির লোকসভা সদস্য রাহুল তার মা ও বোনের ওপর পুষ্প বৃষ্টির জন্য পাঁচশ’ কেজি গোলাপ ফুল সংগ্রহ করা হয়। রাহুল এবার এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। এ আসনে অপর দুই শক্তিশালী প্রার্থী হলেন অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া রাজ্যসভা সদস্য স্মৃতি ইরানি ও আম আদমি পার্টির কবি থেকে রাজনীতিক হওয়া কুমার বিশ্বাস। রাহুলের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় সম্পত্তির হিসাবে রাহুল জানিয়েছেন, তার কোনও ব্যক্তিগত গাড়ি নেই। তার মোট সম্পত্তির পরিমাণ ৯.৪ কোটি টাকা। গত পাঁচ বছরে রাহুলের সম্পত্তির মূল্য প্রায় দ্বিগুন হয়েছে। ২০০৯ সালে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পর রাহুল জানিয়েছিলেন, তার সম্পত্তির পরিমাণ ৪.৭ কোটি টাকা। এই পাঁচ বছরে তিনি দুটো দোকান ও চাষের জমি কিনেছেন। পাশাপাশি দিল্লিতে ইন্দিরা গান্ধী ফার্মে নিজের শেয়ার রেখে দিয়েছেন।