নববর্ষে কালীগঞ্জে ২০ লাখ টাকার ফুল বিক্রি

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২২
বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে গত দুই দিনে অন্তত ২০ লাখ টাকার ফুল বিক্রি হয়েছে। ফুল চাষি আব্দুর রাজ্জাক জানান, গত কয়েক দিন আগেও এক ঝোপা (এক হাজার পিস) ফুলের দাম ৩০ টাকায় নেমে এসেছিল। গতকাল শনিবার প্রতি ঝোপা ফুল ১৪০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়। ফুলের পাইকারী হাট বালিয়াডাঙ্গায় বিপুল পরিমাণ গাদা ফুল কেনাবেচা হয়েছে। ব্যাপারীরা ফুল কিনে আলমসাধু ও নছিমন বোঝাই করে কালীগঞ্জে নিয়ে আসে। তারপর বাসের ছাদে সাজিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন শহরে চালান পাঠাচ্ছে। এছাড়াও স্থানীয় বাজারগুলোতে বিক্রির জন্য ব্যাপারীরা ফুল কিনে নিয়ে যাচ্ছে। তারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ফুলের চাহিদা বেড়েছে। এতে বাজারও চড়ে গেছে।