বান্দরবানে সাংগ্রাই উত্সব শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৫৬
বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উত্সব শুরু হয়েছে। গতকাল রবিবার শহরের পুরাতন রাজবাড়ি মাঠ থেকে ‘সংস্কৃতির শেকড়েই বৈচিত্র্যময় ঐতিহ্যের ঐক্য’ ব্যানার নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির নেতৃত্বে সাংগ্রাই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মারমা, চাকমা, ত্রিপুরা, বম, চাক’সহ বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন। পরে রাজবাড়ি মাঠে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং ‘বসস্ক পূজা’ অনুষ্ঠিত হয়। চলে পাহাড়ি তরুণ-তরুণীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। আয়োজক কমিটির সভাপতি অং চ মং মারমা জানান, মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উত্সব সাংগ্রাই উপলক্ষে বান্দরবানে এবারও ছয়’দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার উজানী পাড়াস্থ সাঙ্গু নদীর চরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান এবং মঙ্গল ও বুধবার জলকেলী বা মৈত্রী পানি বর্ষণ খেলা অনুষ্ঠিত হবে। জলকেলী উত্সবে তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে ভাবের আদান-প্রদানের মাধ্যমে সম্পর্ক তৈরি করে। পানি খেলা দেখতে পাহাড়ি-বাঙ্গালি নারী-পুরুষ ছাড়াও দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমিয়েছে। জলকেলী উত্সবের সঙ্গে রয়েছে তৈলাক্ত বাঁশ আরোহন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও। সাংগ্রাই উত্সব চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।