নির্বাচন ঘিরে গান্ধী পরিবারে বাকযুদ্ধ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৫৬
ভারতের চলতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন দেশটির ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সদস্যরা। আর এই বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ও তার চাচি মানেকা গান্ধী। বরুণ গান্ধী নিয়েই এই বিতর্ক শুরু হয়েছে। খবর এনডিটিভি’র। মানেকা গান্ধী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর স্ত্রী। আর প্রিয়াংকা গান্ধী রাজীব গান্ধীর মেয়ে। সমপ্রতি বরুণ গান্ধী আমেথিতে রাহুল গান্ধীর প্রশংসা ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং নারীদের ক্ষমতায়নে কাজের ক্ষেত্রে কিছু প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি রাহুলের ওই সব নীতি গ্রহণ করতে চাই। ওই দিন সোনিয়া গান্ধী রায়বেরেলিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মায়ের সঙ্গে এসে রাহুল গান্ধী বরুণ গান্ধীর এই প্রশংসার জন্য তাকে ধন্যবাদ জানান। তবে এজন্য বরুণ গান্ধীকে তার দল ভারতীয় জনতা পার্টিতে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর এতে বরুণ গান্ধীর জবাব ছিল আমি নির্বাচনে সুবিধা দিতে রাহুলের প্রশংসা করিনি। কেবল সৌজন্যতার খাতিরেই করেছি। কিন্তু কেবল দলের ভেতরই যে তাকে এ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাই নয়, মা মানেকা গান্ধীও তার সমালোচনা করেন এবং বরুণকে মাথা খাটিয়ে কাজ করতে বলেন। গান্ধী পরিবারের মধ্যে মূলত এই দ্বন্দ্ব শুরু হয় ২০০৪ সাল থেকে। ওই বছর মানেকা গান্ধীও তার ছেলে বরুণ কংগ্রেস বিরোধী ধল বিজেপিতে যোগ দেন। মূল বিতর্ক শুরু হয় শনিবার। এদিন উত্তর প্রদেশের আমেথিতে রাহুলের মনোয়নপত্র জমা দিতে সঙ্গে যান বোন প্রিয়াংকা গান্ধীও। এদিন তিনি জানান, তিনি তার মা ও ভাইয়ের জন্য নির্বাচনী প্রচারে নামবেন। রাহুলের পাশের আসন সুলতানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরুণ গান্ধী। প্রিয়াংকা গান্ধী আমেথির মুনিশগঞ্জ গেস্ট হাউজে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দেন। তিনি বলেন, স্পষ্টতই বরুণ গান্ধী আমার পরিবারের এবং আমার ভাই। কিন্তু তিনি বিপথে চলে গেছেন। আর যখন পরিবারের কোনো যুব সদস্য বিপথে চলে যায় তখন বড়দের উচিত তাকে ওই পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথ দেখানো। তিনি সকলকে বরুণ গান্ধীকে সঠিক পথ দেখানোর আহবান জানান। তবে দ্রুত এর জবাব দেন বরুণের মা। বরুণকে সমর্থন করে মানেকা বলেন, দেশের সেবা করা যদি বিপথে যাওয়া হয়, তাহলে কে বিপথে গেছে সেটা ভাবতে হবে। আর দেশবাসীই সেই সিদ্ধান্ত নেবে। প্রিয়াংকা এবারই প্রথম বরুণের সমালোচনা করেননি। ২০০৯ সালের নির্বাচনের নির্বাচনেও বরুণের আচরণে উদ্বেগ প্রকাশ করে সমালোচনা করেন প্রিয়াংকা। তিনি বরুণকে ভগবত গীতা পাঠ করারও পরামর্শ দেন।