ক্রিকেট জুয়াড়ি অতনু আবারো গ্রেফতার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৫৭
ক্রিকেটের জুয়াড়ি ভারতীয় নাগরিক অতনু দত্তকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, তাকে মিরপুর থানাতেই রাখা হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন কোন মামলা হয়নি তাই সোমবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে। আপাতত ৫৪ ধারাতেই সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করা হবে আদালতে। এর আগে অবশ্য তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রথমবার গত ২১ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় সন্দেহবশত গোয়েন্দারা অতনুকে মিরপুর স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলেন। এরপর আইসিসির দুর্নীতি দমন ইউনিট— আকসুর একজন কর্মকর্তার সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়। তবে তার চলাফেরার উপর নজরদারি করছিল গোয়েন্দারা। পরে গত ৩ এপ্রিল বেনাপোলে আটক হন অতনু দত্ত। এর তিনদিন পরই জামিনে ছাড়া পান। অতনুর বিরুদ্ধে অভিযোগ তিনি মাঠে বসে টেলিফোনে ভারত ও দুবাইয়ে খেলার তথ্য দিচ্ছিলেন। কারণ মাঠে একটি বল হওয়ার ৩ থেকে ১৫ সেকেন্ড পরে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়। এতে করে বলে বলে যে জুয়া তার তথ্য আগেই দিচ্ছিলেন তিনি। অতনু র্যাবের কাছে স্বীকার করেছেন, তিনি যে জুয়াড়ি গ্রুপের পক্ষ হয়ে বাংলাদেশে এসেছেন সেই গ্রুপ এই বিশ্বকাপে কোটি ডলারেরও বেশী আয় করেছে।