কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে কেবল কিছু শিল্পপতিকে সুবিধা দিয়েছেন। তারা কোটিপতি হয়েছেন। তিনি দাবি করেন, রাজ্যের মুল যে টেক্সটাইল শিল্প ছিল সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
শনিবার ভারতীয় সংবাদ চ্যানেল হেডলাইন টুডেকে এক সাক্ষাতকারে রাহুল বলেন, গুজরাট মডেল নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমরা গুজরাট মডেলের দিকে তাকালে দেখতে পাই, ক্ষুদ্র ব্যবসা সমপ্রসারণের জন্য এই মডেল তৈরি হয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাই, একজন ব্যবসায়ী ১০ বছর আগে ৩হাজার কোটি রুপির মালিক ছিলেন। কিন্তু এখন তিনি ৪০ হাজার কোটি রুপির মালিক বনে গেছেন। তবে এই ব্যবসায়ীর নাম প্রকাশ করেননি রাহুল। তিনি বলেন, অভিযোগ আছে, মোদী মুখ্যমন্ত্রী থাকাকালে গত ১২ বছর আদানি গ্রুপ নামের একটি শিল্পপ্রতিষ্ঠনকে সুবিধা দিয়েছেন।
সাক্ষাতকারে রাহুল আরো দাবি করেন, তিনি গুজরাটের হীরক কাটে এমন শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তারা তাকে বলেছেন, তারা ব্যবসায় মার খাচ্ছেন। ক্ষুধার জ্বালায় তাদের সন্তানরাও মারা যাচ্ছে। গুজরাটে ব্যাপক শ্রম বৈষম্য রয়েছে উল্লেখ করে রাহুল বলেন, অথচ নির্বাচনে এই গুজরাট মডেলের প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, প্রচারণা ভাল। তবে ২০০৪ এবং ২০০৯ সালের নির্বাচনেও বিভিন্ন জরিপে বলা হয়েছিল, কংগ্রেস হারবে। কিন্তু ফলাফল ছিল উল্টো। তিনি মোদীর ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে চাননা উল্লেখ করে বলেন, মোদী যে আদর্শ ধারণ করেন সেটা ভারতের জন্য ক্ষতিকর। এই আদর্শ এক সমপ্রদায়ের সঙ্গে অন্য সমপ্রদায়ের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি করবে। আমার যুদ্ধ এই আদর্শের বিরুদ্ধে, ব্যক্তি মোদীর বিরুদ্ধে নয়। আমি যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে। তিনি তার দলের শাসনামলের উন্নয়নের দিক তুলে ধরেন এবং বিজেপি’র বিভিন্ন সমালোচনার জবাব দেন।
