মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, গত বছর সাভারে রানা প্লাজা ভবন ধসের পর এক বছরে তৈরি পোশাক শিল্পের উন্নতির লক্ষ্যে বাংলাদেশ সরকার যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। সরকার এত কাজের সফলতা নির্ভর করছে গার্মেন্টস মালিকদের ইতিবাচক সাড়া দেয়ার উপর। গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্কারে ড্যান মজীনা একথা বলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা করেন। রাষ্ট্রদূত মজীনা জানান, চলতি মাসেই দুই দেশের মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ ও টিকফা কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আনার কাজ চলছে। কারণ এতে যুক্তরাষ্ট্রের জনগণই উপকৃত হবে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দ্বিগুণ করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সঠিক ও স্থিতিশীল উন্নয়নের পথে রয়েছে।
রাষ্ট্রদূত মজীনা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেকোন ধরনের সহিংসতায় যুক্তরাষ্ট্র বিশ্বাসী নয়। বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া কাম্য।
আগা খান প্রতিনিধি দলের সাক্ষাত্
বাংলাদেশে আগা খান কাউন্সিলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্ করেন। আগা খান কাউন্সিলের সহ-সভাপতি আলতাফ রামজির নেতৃত্বে প্রতিনিধি দলের অপর দুই সদস্য ছিলেন হুসেইন হায়দার আলী ও আল মঈজ লাইওয়ালা। আলতাফ রামজি পররাষ্ট্রমন্ত্রীকে লেখা প্রিন্স করিম আগা খানের অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
