দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে ১৩ জন নিহত হয়েছে আহত হয়েছে ৫২। খরব আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কালিয়াকৈরে নিহত ৪
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার একটি মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছে। নিহতরা হলো- নাটোর জেলার সিংড়া থানার লালপুকুরিয়া ভিনগ্রাম গ্রামের মোঃ শুকুর আলীর পুত্র আঃ খালেক (৪০), টাঙ্গাইল জেলার, গোপালপুর থানার, জাওয়াইর গ্রামের মোঃ খোরশেদ আলীর পুত্র আব্দুল হাকিম (৪৫) , বগুড়া জেলার নন্দীগ্রাম থানার, নন্দীগ্রাম গ্রামের মোঃ শাহীন মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (২০) ও সিরাজগঞ্জ সদর থানার মেঘাই গ্রামের মৃত হাবীবুর রহমানের পুত্র মোঃ আব্দুস সোবহান (৫০)।
জয়পুরহাটে নিহত ২
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট নান্দাইল মোড়ে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন। আহতদের কালাই, জয়পুরহাট ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদীতে জাকের
পার্টির নেতা নিহত
সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার জাকের পার্টির সহদপ্তর সম্পাদক মোঃ মোতাহার হাওলাদার (৪৫)। সোমবার রাতে ঢাকা বরিশাল-মহাসড়কের আশোকাঠী ব্র্যাক অফিসের সামনে বসে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে একটি যাত্রীবাহী নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে মারা যান।
পাকুন্দিয়ায় নিহত ২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোমবার পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে ২ যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। বাস উল্টে ঘটনাস্থলেই আবুল হাশেম (৭০) নামে এক যাত্রী নিহত হয়। এ সময় আরও ২০ যাত্রী আহত হয়। আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মামুন (৩৫) নামে আরেক যাত্রী মারা যায়।
ঘিওরে মোটর সাইকেলের
২ আরোহী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, সুমন (২০) ও বাহার (২৫)। এ ঘটনায় অপর আরোহী অখিল উদ্দিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত বাহার উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সুমন নিহালপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
মধুখালীতে নিহত ১
সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বন্দর বাসস্ট্যান্ড-এর ফুডপার্ক এলাকায় ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত ব্যক্তির নাম রুবেল (৩০)।
রাজশাহীতে সেনা সদস্য নিহত
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মোজাফফর হোসেন, বয়স ৩৩। তিনি ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন। সোমবার নগরীর দড়ি খরবোনা গ্রেটার রোড মসজিদ সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী জিআরপি থানা পুলিশ জানিয়েছে নিহত সেনা সদস্যের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নারায়ণপুর গ্রামে। তার বাবার নাম নাজির উদ্দিন।
