ধর্মের অজুহাতে নারীকে ঘরে বন্দী রাখা যাবে না

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:৪৪
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেছেন, ধর্মের অজুহাতে যারা নারীকে ঘরে ফেরত পাঠাতে চায় তাদের মুখে ছাই দিয়ে নারীরা সামনে এগিয়ে যাবে। গতকাল মঙ্গলবার গাজীপুরে শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমীর মাঠে দুটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মহিলা অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিআইজেড বিডি-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ম্যাগনাস স্কিমিড, সেন্টার ফর এক্সেলেন্স লেদার এর সিইও মো. মাইনুল আহসান প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসে নারী শ্রমিকরা কেবল সেলাই কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারা সুপারভাইজার হবে, অপারেটর হবে, ম্যানেজার হবে। এসব পদেও যাতে নারীরা নিজেদের অবস্থান তৈরি করতে পারেন সেই লক্ষ্যেই নারীদের প্রশিক্ষণ দেয়া। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণ কেন্দ্র দুটি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। তৈরি পোশাক শিল্পে দক্ষ নারী কর্মী গড়ে তোলার লক্ষ্যে জার্মান সরকারের অর্থায়নে জিআইজেড এবং মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে ‘ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র’ চালু করেছে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর ও সেন্টার ফর এক্সেলেন্স লেদার স্কিল বাংলাদেশ লিঃ (কোয়েল)’র সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে চামড়া শিল্পখাতে দক্ষ নারী কর্মী তৈরির লক্ষ্যে চামড়াজাত পণ্য উত্পাদন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।