বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইতিহাসের সত্য বলেছেন বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি দল আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেছেন, বিভিন্ন বই থেকে তিনি (তারেক রহমান) এ সত্য উদঘাটন করেছেন। তার বক্তব্যে কোনো ভুল থাকলে তা প্রমাণ করুন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচারে’র প্রতিবাদে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, লন্ডনে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি’, এর কয়েকদিন পর আরেক অনুষ্ঠানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বক্তব্য যুক্তি দিয়ে ও ইতিহাসের পাতা থেকে খণ্ডাতে না পেরে আওয়ামী লীগ নেতারা যে ভাষায় কথা বলছেন, তাতে প্রমাণ হয় যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এটা তাদেরই নীলনকশার অংশ।
ছাত্রদলকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন কঠিন সময়। এসময় থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না, এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।
জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে খালেদা জিয়া
বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পহেলা বৈশাখে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আলোচনা শোনার পর পরিবেশিত গীতিনাট্য ‘পালকি’ দর্শক সারিতে বসেই দেখেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপি গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে: রিজভী
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আজ বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
