বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে আজ বুধবার রংপুর জেলায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। হরতাল সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি গোটা নগরী প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক মমতাজ শিরীন ভরসা, সাহিদা রহমান জোত্স্না, শহিদুল ইসলাম মিজু, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু।
