গোপালগঞ্জে মাঝিগাতী ইউনিয়নের দুই দলের সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০০
গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন টেঁটা বিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার রাতে ওই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ মারাত্মক আহত মান্নান খানসহ (৩২) তিন জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সংকটজনক অবস্থায় মান্নান খানকে প্রথমে খুলনা ও পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি আছেন। স্থানীয়রা জানিয়েছেন, মাঝিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মকসুদ আলী খান ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বর্তমান চেয়ারম্যান মকসুদ আলী খানের সমর্থক আজিম ফকির ওই গ্রামের কামাল খানের মাছের ঘেরে বসে গাঁজা সেবন করে। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক চেয়ারম্যান মুকুল খানের সমর্থকরা আজিমকে মারপিট করে। এরপর মুকুল খানের সমর্থক মান্নান খানের শিশুপুত্র মাফিজ খানকে গত শনিবার মকসুদ খানের লোকজন মারপিট করে। এ ঘটনার জের ধরে সোমবার রাত ৮ টার দিকে দু’ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা সংঘর্ষের কথা স্বীকার করে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মহাসড়ক অবরোধ গোপালগঞ্জে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৪৪ ধারা জারির প্রতিবাদে মোটর শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়কে আড়াই ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার শ্রমিকরা ওই সড়কের গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন্স মোড়ে টায়ার জ্বালিয়ে ও বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পানতা খাওয়ার মধ্য দিয়ে সোমবার গোপালগঞ্জে নববর্ষ ১৪২১ কে বরণ করে নেয়া হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে শিল্পীরা গান গেয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নেন। জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরে বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শহরের শেখ রাসেল শিশু পার্কে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।