গল্প নয় সত্যি

কুকুরকে ভোটের নিমন্ত্রণ!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫২
মানুষ মাত্রই কমবেশি ভুল করেন। তবে কখনও কখনও কোনো কোনো মানুষ বা প্রতিষ্ঠানের ভুলের ধরনটাই এমন হয় যে সেটা একদিকে যেমন সংবাদ হওয়ার যোগ্যতা অর্জন করে তেমনি হয়ে ওঠে অসংখ্য মানুষের হাসির খোরাকও। যেমনটি সম্প্রতি হয়েছে পূর্ব ইংল্যান্ডের নর্টন গ্রামের একটি কুকুরকে আসন্ন ইউরোপীয় পার্লামেন্টে ভোটদানের আমন্ত্রণপত্র পাঠানোর মধ্য দিয়ে। মূলত ভোটের আগে করা এক প্রাক-জরিপে তথ্য সংগ্রহকারীর ভুলের কারণেই মজার এই ঘটনাটি ঘটে। আলোচিত এই ঘটনার নেপথ্য ও সম্ভাব্য কারণ বিশ্লে¬ষণ করতে যেয়ে জিউস নামের এই কুকুরটির মালিক রাসেল হোয়েল জানান, বেশ কিছুদিন আগে ভোটারদের তথ্য সংগ্রহের জন্য যখন জরিপকারীরা তার বাসায় আসেন তখন পরিবারের সদস্যদের কথা বলতে যেয়ে তিনি তার স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক এক ছেলের পাশাপাশি খানিকটা মজা করেই জিউসের কথা বলেছিলেন। তবে সেই সাথে এটিও স্পষ্টভাবে জানিয়েছিলেন যে কুকুরদের বয়সের হিসেবে জিউসের বয়স ৬৩ বছর। কিন্তু কোনো এক অজানা কারণে জরিপকারী ওই ব্যক্তি তার রসিকতাটি ধরতে ব্যর্থ হন এবং জিউসকে ৬৩ বছর বয়সী কোনো ভোটার হিসেবেই ধরে নেন। তবে তার এই ভুলটিও শেষতক সবার সামনে আসতো না যদি না ভোটের আমন্ত্রণ পাঠানোর দায়িত্বে থাকা ব্যক্তিরা ভালো করে কেন্দ্রীয় ডাটাবেসে জিউস হোয়েলের নামে কোনো ইলেক্টোরাল রেজিস্টার নাম্বার আছে কি না তা খুঁজে দেখতেন। কেননা যুক্তরাজ্যে সাধারণত ইলেক্টোরাল রেজিস্টার অনুযায়ীই ভোটারদের এ ধরনের আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং সেখানে ভোটারের ইলেক্টোরাল রেজিস্টার নাম্বারটিরও উল্লে¬খ থাকে। যদিও নেপথ্যের কারণ যা-ই হোক না কেন নিজের বাড়ির ঠিকানায় নিজেরই নামের শেষাংশ সম্বলিত জিউস হোয়েল নামে কুকুরকে পাঠানো ভোটের আমন্ত্রণ দেখে হাসি থামাতে কষ্টই হয়েছিল এর মালিক রাসেল হোয়েলের।