২৫ দিনেও উদ্ধার হয়নি গৌরনদীর অপহূত ৩ কিশোর, গ্রেফতার ১

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:৩৮
অপহরণ হওয়ার ২৫ দিন পরেও উদ্ধার হয়নি জেলার গৌরনদীর সাহেবের চর গ্রামের মারুফ, ফিরোজ ও আব্দুল্লাহ নামে ৩ কিশোর। এ ঘটনায় পুলিশ ওই কিশোরদের অপহরণ করে থাইল্যান্ডে পাচার ও তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে ইমাম হোসেন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে। পুলিশ ও অপহূত কিশোরদের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় কয়েকজন প্রতারকের সহায়তায় টেকনাফের একটি মানব পাচারকারী চক্রের সদস্যরা গত ২২ মার্চ গৌরনদীর সাহেবেরচর গ্রামের হাবিবুর রহমান ওরফে মারুফ (১৮), মো. ফিরোজ হাওলাদার (১৬) এবং আব্দুল্লাহকে অপহরণ করে। এরপর অপহরনণকারীদের দাবি করা ৩ লাখ টাকা মুক্তিপণ গত ৫ দিন আগে একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা দেন অপহূত হওয়া পরিবারের সদস্যরা। এ ঘটনায় অপহূত মারুফের মা নাছিমা বেগম গত ৪ এপ্রিল একটি মামলা দায়ের করেন। এদিকে গতকাল টেকনাফ পুলিশের সহায়তায় ইমাম হোসাইন নামে অভিযুক্ত এক অপহরণকারী গ্রেফতার হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই সরোয়ার বলেন, ইমাম ওই ৩ কিশোরকে অপহরণের কথা স্বীকার করেছে।