ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সাক্ষ্য দেয়ার জের

মঠবাড়িয়ায় শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়েছে বখাটে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৪
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বখাটে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে। ওই শিক্ষক গত ৩ দিন ধরে মঠবাড়িয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হারজী নলবুনিয়া গ্রামের প্রবাসী ছগির হাওলাদারের পুত্র বখাটে মামুন গত বছর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছয়মাস করা ভোগ করে সম্প্রতি ছাড়া পায়। ওই সময় শিক্ষক আনোয়ার হোসেন মামুনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। গত সোমবার রাতে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা মামুন ও তার ৪/৫ সহযোগী আনোয়ার হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এদিকে বখাটে মামুন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা মঠবাড়িয়া-মিরুখালী সড়কে গতকাল বুধবার গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ এসএমএ যাহীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বখাটে মামুনকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ওই বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ কান্ত চৌধুরী জানান, ওই একই ঘটনায় সাক্ষী দেয়ায় মোবাইল ফোনে মামুন তাকে হুমকী দিচ্ছে। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।