প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা দুর্ঘটনায় নিহত আরো ৫৩ জনের আত্মীয়-স্বজনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।
বুধবার প্রধানমন্ত্রী তার তেজগাঁও কার্যালয়ে এ ৫৩ জনের পরিবারের ৭৩ সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ ৫৩ জনের পরিচয় পাওয়া গেছে।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে এ পর্যন্ত মোট ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।
