অবৈধভাবে সিঙ্গাপুরে শ্রমিক নিয়োগ দেয়ায় সমপ্রতি এক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও ৯০ হাজার সিঙ্গাপুরীয় ডলার জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। গত বছর অবৈধ নিয়োগ দেয়ায় ৯৮ জন ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী নিও উয়ি সেঙ (৩৯) বৈধ ওয়ার্কপাশ ছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং লিমিটেডে ২ জন এবং শামিমা এন্টারপ্রাইজে ২ জন অভিবাসী শ্রমিককে নিয়োগ দেন। এছাড়া তিনি তার চুল কাটার দোকানের জন্য আরো ১০ জনকে নিয়োগ দিয়েছিলেন। ২০১০ সালেও ৫ জনকে অবৈধভাবে নিয়োগ দেয়ার অভিযোগে আদালতে তিনি দোষীসাব্যস্ত হন। উয়ির নিয়োগকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশিও রয়েছে। উল্লেখ্য, রাজধানী রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং লিমিটেডের মূল মালিক একজন বাংলাদেশি এবং অভিযুক্ত নিও উয়ি সেঙ ওই প্রতিষ্ঠানের স্থানীয় পৃষ্ঠপোষক।
