ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিভাগকে প্রকৌশল বিভাগে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা গতকাল বুধবার এসব কর্মসূচি পালন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
এর আগে এক সমাবেশে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিভাগকে প্রকৌশল বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন বছর আগে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রকৌশল বিভাগে অন্তর্ভুক্ত করার দাবি জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। কিন্তু ওই বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নাম দিয়ে প্রকৌশল বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এসময় শিক্ষার্থীরা ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিভাগকে বিজ্ঞান অনুষদে রেখে প্রকৌশল অনুষদে প্রকৌশল মানের বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের ভিসি খায়রুল আলম খান বলেছেন, বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
