প্রথমবারের মতো দুই কন্যাকে নিয়ে আনন্দমেলার মঞ্চে গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মমতাজ তাঁর দুই কন্যা রাইসা রোজ ও রুহানীকে নিয়ে গাইলেন ‘দোয়েল পাখির কন্যারে’ গানটি। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘খুবই ভালো লাগছে দুই কন্যাকে নিয়ে গাইতে পেরে। এটা হঠাত্ করেই পরিকল্পনা। আমি নিজেও অবাক ওদের পারফর্মেন্স প্রতিভা দেখে। ওদের জন্য দোয়া চাই সবার কাছে।’
মমতাজের এই পারফর্মেন্স ছাড়াও অন্যান্য পরিবেশনায় থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তাঁর সুরের ধারার পরিবেশনায় ‘আলো আমার আলো’। মাহিয়া মাহীর পরিবেশনায় ম্যাজিক মামণি। মেহরীনের গাওয়া ‘তুমি যাযাবর’। ওয়ার্দা রিহাবের ‘জয় হোক জয় হোক’।
এর বাইরে বিভিন্ন নাটিকায় অংশ নিয়েছেন রোজী সিদ্দিকী, আব্দুল্লাহ রানা, এ্যানি খান, সুজাত শিমুল, আরিফ হোসেন আপেলসহ অনেকে।
আনন্দমেলা ঈদের দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে। এবারের আনন্দমেলার গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন এস এম হারুন-অর-রশীদ এবং উপস্থাপনা করেছেন মেহরীন।
