রাজধানীর করাতিটোলা এলাকায় মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতা ৬ যুবককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গণপিটুনির শিকার রিফাত, রাকিব ও ফয়সালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, করাতিটোলা এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। শুক্রবার দুপুরে করাতিটোলা জামে মসজিদের পাশে এলাকাবাসী চাঁদাবাজ পলাশ, খোকা, এনায়েত, রিফাত, রাকিব ও ফয়সালকে একটি দোকানের ভিতর আটকে রেখে সাটার বন্ধ করে দেয়। জুমার নামাজের পর মসজিদে চাঁদাবাজ আটকের বিষয়টি মাইকে ঘোষণা দেয়া হয়। পরে মুসল্লিরা ঐ দোকানের সাটার খুলে তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
