সেন্টমার্টিন দ্বীপের সাগরে গোসল করার সময় নিখোঁজ ঢাকার আহসান উল্ল¬াহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাব্বির হাসান ও ইসতিয়াক বিন মাহমুদ উদয়ের খোঁজ গত পাঁচ দিনেও মেলেনি। তাদের মৃতদেহ উদ্ধারের চেষ্টায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা অনুসন্ধান চালানো অব্যাহত রেখেছেন। তবে এ কয়দিনে মৃতদেহ পঁচে-গলে বিকৃত হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
টেকনাফ থানার ওসি রণজিত্ বড়ুয়া জানিয়েছেন, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০টি স্পিডবোট, ছয়টি ট্রলার ও টানা জাল নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ছাড়াও টেকনাফের শাহপরীর দ্বীপের আশেপাশে অনুসন্ধান চালায়। এছাড়া জেলেদেরও বলে দেয়া হয়েছে কোথাও ভাসমান মৃতদেহ দেখলে যেন পুলিশকে খবর দেয়া হয়।
আজ শনিবারও উদ্ধার অভিযান চলবে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
তিনি জানান, সেন্টমার্টিনে নিরাপত্তার জন্য বীচকর্মী ও লাইফগার্ড নিয়োগ দেয়া হবে। এছাড়া সৈকতের কোথাও অনিরাপদ স্থান আছে কিনা তা চিহ্নিত করারও উদ্যোগ নেয়া হয়েছে।
