বিস্ফোরক দিয়ে মমতা ব্যানার্জিকে হত্যার চেষ্টা!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১০
মালদায় হোটেলের ঘরে আগুন লাগার পর এবার বীরভূমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাত্রাপথ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মমতার দল তৃণমূল কংগ্রেস দাবি করেছে, মুখ্যমন্ত্রীকে ‘হত্যার’ জন্যই বিস্ফোরক রাখা হয়েছিল। গতকাল বীরভূমের সিউড়িতে সভা ছিল মমতার। কিন্তু সড়কপথে না গিয়ে নলহাটিতে সভা সেরে হেলিকপ্টারে করে সিউড়ির উদ্দেশে রওনা হন তিনি। সেই পথেই পাওয়া গেছে বিস্ফোরক। এদিকে, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করা হয়েছে। ৫ জনই সিপিআইএমের কর্মী সমর্থক। জানা গেছে, তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে সিউড়িতে ঢুকছিলেন। সিউড়ি-বোলপুর রোডে একটি ব্রিজের কাছে ওইসময় নীল রঙের তার দেখতে পান তৃণমূল সমর্থকরা। কিছুটা এগিয়ে তারা দেখেন কাপড়ে মোড়া একটি বস্তু রয়েছে। এতে বিস্ফোরক পাওয়া যায়। এছাড়া রাস্তা থেকে জিলেটিন স্টিক ও ব্যাটারি উদ্ধার করা হয়। দলের কর্মীদের আটক করার খবর পেয়ে সিউড়ি থানায় যান সিপিআইএম নেতারা। তাদের দাবি গোটাটাই সাজানো ঘটনা।