আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, লন্ডনে বসে ইতিহাস বিকৃত করে কোন লাভ হবে না।
শুক্রবার নাটোর কানাইখালী বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সংসদ ও সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। এর একদিন আগেও কোন নির্বাচন হবে না। খালেদা জিয়া যতই হুমকি দেন না কেন কোন কাজ হবে না। আওয়ামী লীগ তাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত।
বিএনপি নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনের নামে পুলিশ হত্যা করেছেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন, মন্দির ভেঙেছেন। ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে তিনি মার্শাল ‘ল’ আনতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত পাঁচ বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। তবে কিছু কাজ অসমাপ্ত আছে। কিছু ভুল-ত্রুটিও হয়েছে। বর্তমান সরকার আগামী পাঁচ বছরে মানুষের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, বিগত চার দলীয় জোট সরকারের সময় নাটোর ছিল বাংলা ভাইয়ের সন্ত্রাসের জনপদ। সেই নাটোরকে শান্তির এলাকায় পরিবর্তন করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ডাক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। জনসভায় নাটোরের জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি (এ) ও ওয়ার্কাস পার্টির দুই সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
