দর্শনা সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১৪
বাংলাদেশে তিন মাস কারাভোগ শেষে দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক উত্তম কুমার মজুমদারকে বিএসএফের কাছে ফেরত দিয়েছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ। গত ১০ জানুয়ারি দর্শনা নীমতলা সীমান্তের হালদারপাড়া এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক হন তিনি। এরপর ৩ মাসের সাজা হয় তার। চুয়াডাঙ্গা জেলা কারাগারে তিন মাস সাজাভোগ শেষে গতকাল শুক্রবার দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান, ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুব ও সদর থানার এসআই সুমন সরকার। ভারতের পক্ষে ছিলেন গেঁদে কোম্পানী কমান্ডার দীপক থাপ্পা, ইমিগ্রেশন ইন্সপেক্টর তন্ময় চৌধুরী ও কৃষ্ণনগর থানার এস আই শ্যামল কুমার মন্ডল।