আলজেরিয়ায় চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বুতোফ্লিকা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০২
আলজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আব্দেলাজিজ বুতোফ্লিকা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তায়েব বেলাইজ জানিয়েছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৮১ শতাংশ ভোট পেয়েছেন আব্দেলাজিজ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলী বেনফ্লিস পেয়েছেন ১২ শতাংশ ভোট। ভোটাররা অবাধ, সুষ্ঠু ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দাবি করেন তিনি। সম্প্রতি স্ট্রোক থেকে সুস্থ হলেও হুইল চেয়ারে বসেই ভোটাধিকার প্রয়োগ করেন প্রেসিডেন্ট বুতোফ্লিকা। ব্যক্তিগতভাবে কোন জনসমাবেশও করতে পারেননি তিনি। ৭৭ বছর বয়সী বুতোফ্লিকা গত বছর স্ট্রোকের কারণে দীর্ঘদিন জনসম্মুখে আসতে পারেননি। ফলাফল ঘোষণার পর দেখা যায় প্রায় ৫১.৭ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোট কারচুপির অভিযোগ এনে ইসলামপন্থি দল এবং ধর্মনিরপেক্ষ বিরোধী পার্টির জোট নির্বাচন প্রত্যাখ্যান করে। একই সাথে বুতোফ্লিকার শারীরিক অসুস্থতার কারণে তাকে নির্বাচনের অযোগ্য দাবি করেন তারা।