খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজনীতি ও ইতিহাসের মাঝে একটি মহল ভেজাল সৃষ্টি করছে। নতুন প্রজন্মকে সুস্থ মানসিকতা ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এই ভেজাল যে কোনো মূল্যে দূর করতে হবে। শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
রাজনীতি ও ইতিহাসকে ভেজাল মুক্ত রাখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তন করে শিশুদের মিথ্যা শেখানোর অপচেষ্টার মাধ্যমে অতীতে এক মেধাশূন্য জাতি তৈরির চেষ্টা হয়েছে। এসব অন্ত:সারশূন্য রাজনৈতিক দলগুলো সন্ত্রাসীদের দিয়ে নকল আন্দোলনের ভয় দেখিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখতে চায়।
তিনি বলেন, আইন করে ভেজালমুক্ত করা যাবে না। ভেজাল মুক্ত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, ভেজালের বিরুদ্ধে সচেতনা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা অন্যতম। অবশ্য শুধু খাদ্য ভেজালে নয়, সবকিছুতে মিডিয়ার ভূমিকা উল্লেখযোগ্য। হেফাজতে ইসলামের সমাবেশে তিন হাজার লোক মারা গেছে বলে মিথ্যাচার প্রচার হয়েছিল। এ মিথ্যাচারের সঙ্গে একটি এনজিও জড়িত ছিল। কিন্তু আমরা মিডিয়ার কল্যাণে সবকিছু জানতে পেরেছি। সংগঠনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ম্যাজিস্ট্রেট রোকন-উদ দৌলা, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।
