নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার কৃষক লীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে সংগঠনের নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে শুরু হয়ে গণভবনে গিয়ে শেষ হয়।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মির্জা জলিল, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ‘কৃষকের কণ্ঠ’ নামে একটি প্রকাশনা বের করা হয়। ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষি ও কৃষকের উন্নয়ন তথা দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
