ইসলামাবাদ ছেড়ে করাচিতে পারভেজ মোশাররফ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৩
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকাল শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদ ছেড়ে বন্দরনগরী করাচিতে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে নিরাপত্তার স্বার্থে মোশাররফকে করাচিতে পাঠানো হয়। পথে যাতে তার উপর হামলার ঘটনা না ঘটতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকা জানায়, সেখানে এক সপ্তাহের মতো অবস্থান করবেন মোশাররফ। করাচিতে অবস্থানরত তার পরিবার, বন্ধু বান্ধব এবং কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত্ করবেন। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানায়, ইসলামাবাদে মোশাররফের জীবনের ওপর ঝুঁকি তৈরী হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আদালতে নেয়ার পথে হত্যাচেষ্টার পরিকল্পনাও করেছিল জঙ্গিরা। হূদরোগে আক্রান্ত মোশাররফের চিকিত্সা চলছে। কিন্তু ইসলামাবাদের হাসপাতালে চিকিত্সা নিতে গেলে তার উপর জঙ্গিদের হামলা হতে পারে। একারণে করাচিতে চিকিত্সা গ্রহণের প্রস্তাব করেন মোশাররফ নিজেই। তিনি করাচির পিএনএস শিফা হাসপাতালে ভর্তি হবেন। গতকাল মোশাররফকে বুলেটপ্রুফ গাড়িতে করে এয়ারপোর্টে নেয়া হয়। তার আগে সেখানে পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং তিন হাজার নিরাপত্তা সদস্য। উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি আছে ইসলামাবাদ আদালতে। সেদিন তাকে হাজিরা দিতে হবে।