পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, লোকসভার ভোটে কংগ্রেসকে বিতাড়িত করুন। কিন্তু তার পরিবর্তে মোদীর হাতে ক্ষমতা দিবেন না। তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। কংগ্রেস এবং বিজেপির মধ্যে তেমন কোনো তফাত্ নেই বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি বলেছেন, দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘কিং মেকার’ হওয়ার চেষ্টা করছেন। তার সেই চেষ্টা সফল হবে না। শ্রীরামপুরের জনসভায় এভাবেই গতকাল মমতাকে তিনি আক্রমণ করেন।
জনসভায় কংগ্রেস ও বিজেপি দু’দলের বিরুদ্ধেই সরব হন বুদ্ধদেব। দিল্লিতে তৃতীয় ফ্রন্টের সরকার গঠনের বিষয়ে আশাবাদী বলে জানান তিনি। বুদ্ধদেব বলেন, কংগ্রেস খারাপ। কিন্তু বিজেপি আরো খারাপ। হাতে তলোয়ার, এমন একজন উন্মত্ত মানুষ (মোদী) যখন পাশ থেকে সামনে এসে দাঁড়ায় তখন ভয় না পেয়ে উপায় থাকে না। এবারের লোকসভা নির্বাচনকে সেভাবে দেখার আহ্বান জানান তিনি।
