ফল প্রকাশের আগে সেনাপ্রধান নিয়োগ করবেন না

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৮
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চলতি লোকসভা নির্বাচনে বিজয় লাভ করবে এমনটি ধরে নিয়ে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে লোকসভার ভোট গণনা না হওয়া পর্যন্ত যেন সরকার নতুন সেনাপ্রধান নিয়োগ দেয়া থেকে বিরত থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপ-সেনাপ্রধান লে. জেনারেল দলবীর সিং সুহাগকে নতুন সেনাপ্রধান করতে যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিজেপি গতকাল সরকারকে ‘সতর্ক’ করে দিয়ে বলে তারা যেন এ ব্যাপারে তাড়াহুড়া না করে। ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংয়ের মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হয়ে যাবে। গতকাল বিজেপির পক্ষ থেকে দলীয় নেতা রবি শংকর প্রসাদ বলেন, আমরা কোনো নাম সুপারিশ করতে যাচ্ছি না। কিন্তু সেনাপ্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে। আমরা লোকসভা নির্বাচনের মাঝামাঝি পর্যায়ে আছি। বিদায়ী সেনাপ্রধানের মেয়াদ এখনো বেশ কয়েকদিন আছে। তাই তাড়াহুড়া না করে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি।