তেঁতুলিয়ায় আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৯
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগজ গ্রামের শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, গবাদিপশু, মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই এলাকার রমিজুল ইসলামের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোটা গ্রামে ছড়িয়ে পড়লে ২৭টি পরিবারের বসতবাড়ি পুড়ে যায়। পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার আগেই ঘরবাড়ি আগুনে ভস্মীভূত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি প্রত্যেক পরিবারকে নগদ দুই হাজার টাকা, ৩০ কেজি চাল ও ২টি করে কম্বল বিতরণ করেন।