তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:৩৬
পত্রিকায় খবর প্রকাশের জেরে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দুই সাংবাদিকের উপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনতাই করেছে ছাত্রদল নেতারা। এ ঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সমপ্রতি তানোর স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতির বিষয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। ঐ খবরের সূত্রে গতকাল শনিবার সকালে ঐ কমপ্লেক্সের প্রধান হিসাবরক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামানকে মোবাইলে তার কার্যালয়ে ডাকেন। সাংবাদিক মনি ও তার সহকর্মী আবদুস সবুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ঐ কর্মকর্তা তাদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তার উপস্থিতিতে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেকের ইশারায় উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রনি ও হাসপাতালের কর্মচারী রায়হানের নেতৃত্বে কয়েকজন তাদের মারপিট করে এবং ক্যামেরা কেড়ে নেয়। এতে আহত মনি ও সবুরকে কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে চিকিত্সায় বাধা দেয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত মালেক ও রনির দাবি, তারা হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে মিথ্যা খবর ছেপেছে। তার জন্য শাসন করা হয়েছে। তবে প্রধান হিসাবরক্ষক হামলায় জড়িতদের চেনেন না বলে দাবি করেন। দায়িত্বপ্রাপ্ত টিএইচও ডা. রেজাউল ইসলাম বলেন, হাসপাতাল চত্বরে সাংবাদিকের উপর হামলা দুঃখজনক। তানোর থানার ওসি বজলুর রশীদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এদিকে মনি ও সবুরের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে তানোর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।