প্রজন্মের ভাবনায় ফুটে উঠে নানা রং, আর সেই ভাবনাগুলোই প্রজন্ম তুলে ধরে শিল্পকর্মের মাধ্যমে। তেমনই একজন ইফফার আরা দেওয়ান। রাজধানীর বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে তার একক শিল্পকর্ম প্রদর্শনী। এ নিয়ে আমাদের এবারের আয়োজন
স্টিল লাইফের বিষয়ে শিল্পীর একান্ত ব্যক্তিগত যে ভাবনার জগত্ সেখানে সকল জাগতিক বিষয় একত্রিত হয়ে প্রকাশ করে একটি নির্দিষ্ট উদ্দেশ্য। ফুলদানিতে রাখা ফুলের তোড়া, সারা ঘরে ছড়িয়ে থাকা ছোটখাটো বিষয়গুলো গল্প বলে এক অন্যমাত্রার আবেগ আর অর্জনের। বেঙ্গল আর্ট লাউঞ্জ শিল্পী ইফফাত আরা দেওয়ানের চিত্রকর্ম নিয়ে ‘লাস্ট সামার’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। কৌশলী রঙের ব্যবহারে তিনি একই বিষয়ে ভিন্নতা নিয়ে হাজির হন প্রতিবার। আর এই বিষয়কে মাথায় রেখেই, বেঙ্গল আর্ট লাউঞ্জ আয়োজন করেছে এই প্রদর্শনীর। এখানে প্রদর্শিত হবে শিল্পীর ৫০টিরও অধিক চিত্রকর্ম। প্রদর্শনীর উদ্বোধন হয় ১৩ এপ্রিল রবিবার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
