মোটর রিকশার লাইসেন্স

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:১৯
রিকশায় স্বল্প ভাড়ায় যাতায়াত করা যায়—শুধু তাই নয় এটা একটা পরিবেশবান্ধব বাহনও বটে। বর্তমানে এই তিন চাকার বাহনটির সঙ্গে আধুনিক প্রযুক্তির একটি মোটর যুক্ত হয়েছে যাকে আমরা ‘মোটর রিকশা’ বলি। একটি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৮০০০০ মোটর রিকশা ঢাকা শহরে চলছে। এই মোটর রিকশার প্রচলন একটি শুভ উদ্যোগ এবং এজন্য উদ্যোক্তাদের জানাই অভিনন্দন। কিন্তু মোটরচালিত এই রিকশাগুলোর নথিকরণ বিআরটিএ করেন না। ঢাকা মহানগর রিকশা মালিক সমিতি থেকে লাইন্সেস ভাড়া নিয়ে রিকশাগুলো পথে নামে। এভাবেই শত শত মোটর রিকশা আইনের চোখ ফাঁকি দিয়ে পথে চলছে এবং গরিবদের পেটে অন্ন জোগাচ্ছে। যেহেতু এই রিকশাগুলো তড়িত্ শক্তিতে চলে তাই এর গতিও অনেক বেশি—সেহেতু ভাড়া করা লাইন্সেস দিয়ে এগুলো কেন চলবে? আমরা চাই—এগুলোর যথাযথ নিয়মে লাইসেন্সের ব্যবস্থা করা হোক এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসঙ্গত, এই মোটরচালিত রিকশাগুলোয় ছোট চাকা স্থাপন করা যায় কিনা—সেটিও ভেবে দেখতে অনুরোধ জানাই। ইকরাম হোসেন লিমন, গুলবাগ, মালিবাগ, ঢাকা