ইস্টার সানডে উদযাপন

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:২৩
যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ইস্টার সানডে উদযাপিত হয়েছে। গতকাল রবিবার দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা দিবসটি উপলক্ষে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। গতকাল সকালে দিবসটি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রাতঃকালীন প্রার্থনার আয়োজন করে ঢাকা পাষ্টরস ফেলোশীপ। সেখানে হাজারো খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রার্থনা করেন। উপাসনা সঙ্গীতে দক্ষিণ প্লাজায় তৈরি হয় এক অনন্য আবহ। ধর্মীয় আলোচনায় নিমগ্ন থাকেন বিভিন্ন বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা ও আলোচনার আয়োজন করা হয়। চার্চগুলো সজ্জিত হয় বিশেষ সজ্জায়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি উদযাপন করা হয়।