দেশের নারী উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতি বাংলাদেশ-এর নেতারা। একই সাথে তারা নারী উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ ও তথ্য সেবা দেয়ার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা বরাদ্দের দাবি জানান। তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতির নেতারা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ দাবি জানান।
গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম, সহ-সভাপতি মাহবুব আরা জরি, পরিচালক রুবিনা পারভীন, মানসুরা খানম ইভাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, দেশে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং বিসিকের মাধ্যমে সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এর আগে নেসেল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্ড-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাত্ করেন। প্রতিনিধিরা জানান, ক্রমবর্ধমান বাজার সুবিধা বিবেচনা করে নেসেল বাংলাদেশ লিমিটেড এদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক মানের গবেষণাগার স্থাপন করেছে বলে তারা জানান।
শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, নেসেল বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান, সিনিয়র ম্যানেজার মির্জা গোলাম হোসেন এসময় উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী নেসেল বাংলাদেশ লিমিটেডের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, চীন, জাপান, কোরিয়াসহ অনেক দেশ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। তিনি তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পুষ্টিকর খাদ্যপণ্য উত্পাদনের জন্য বিনিয়োগ বাড়াতে নেসেল বাংলাদেশ লিমিটেডকে পরামর্শ দেন।
