সীমান্তে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিল্লির

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৫
ভারতের চলতি লোকসভা নির্বাচন উপলক্ষে মাদকদ্রব্য ও মুদ্রা পাচারসহ সকল অপরাধমুলক কর্মকান্ড নিয়ন্ত্রণে সীমান্ত বাহিনীকে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সেদেশের সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও সশস্ত্র সীমা বলকে (এসএসবি) সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিন দেশের সীমান্তে তল্লাশি জোরদার করার নির্দেশ দিয়েছে। সীমান্তে যাতে কোনো অসামাজিক কর্মকান্ড না চলে সেই বিষয়ে কড়া নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এমনকি পানিতে নিয়মিত টহল জোরদার করতেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ভারতে লোকসভা নির্বাচনের আরো চারটি ধাপ বাকি আছে। এই চারটি ধাপের ১৭০টি আসন বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল সীমান্তবর্তী। ফলে নির্বাচনের সময় এসব এলাকায় অবৈধ কর্মকান্ড বেড়ে যায়। ভারতের বাংলাদেশে সঙ্গে ৪ হাজার ৯৬ কিলোমিটার, পাকিস্তানের সঙ্গে ৩ হাজার ২২৩ কিলোমিটার (লাইন অব কন্ট্রোলসহ) এবং নেপালের সঙ্গে ১ হাজার ৭৫১ কিলোমিটার সীমান্ত এলাকা আছে। খবর এপিআরের।