মামলার বিচার শুরু, ছয় জনের বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২০
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলার চার্জ গঠন করা হয়েছে। গতকাল রবিবার জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিটভুক্ত ছয় আসামির মধ্যে ২ জনের উপস্থিতিতে শুনানি শেষে চার্জ গঠন করে। বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন আগামী ২৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ২০০১ সালের ১৬ জুন ভয়াবহ ওই বোমা হামলায় ২০ জন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি ও হত্যার ঘটনায় অপর একটি মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ২ মে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলা দুটির চার্জশিট আদালতে জমা দেন। পরে কয়েক দফা চার্জ গঠনের তারিখ পেছানো হয়। গতকাল চার্জ গঠনের শুনানির সময় চার্জশিটভুক্ত আসামি হুজি নেতা মুফতি আবদুল হান্নান ও শাহাদাতউল্লাহ জুয়েল উপস্থিত ছিলেন। অন্য চারজনের মধ্যে মোরসালিন ও মোত্তাকিম ভারতের কারাগারে, সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু জামিনে ও ওবায়দুল্লাহ নামের একজন পলাতক রয়েছেন। নারায়ণগঞ্জ আদালতের পিপি আসাদুজ্জামান জানান, মামলা দুটিতে ২৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য প্রথম তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলায় বাদিসহ ৭ জনকে সাক্ষী করা হয়েছে। এরা হলেন বাদি অ্যাডভোকেট খোকন সাহা, চাষাঢ়া এলাকার তারিক আউয়াল, নিকসন কুমার সেন, কাজল ইসলাম, রাজীব দাস, খবির আহম্মেদ প্রমুখ। মামলার বাদি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা জানান, গত বছরের ২ মে ৬ জনকে অভিযুক্ত ও ৩১ জনকে অব্যাহতি প্রদান করে আদালতে চার্জশিট দেয়া হয়। গতকাল আদেশের আগে আদালতে চার্জশিটের শুনানি অনুষ্ঠিত হয়। বাদি চার্জশিটের ব্যাপারে নারাজী প্রদান না করায় আদালত সেটা গ্রহণ করে। এ সময় মামলার বাদি ছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মামলা দুটি থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোজেলসহ ৩১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।