রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) টাইপিস্ট সালমা সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৮৭ লাখ ৩৬ হাজার ৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তথ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল রবিবার কমিশন তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা হারুনুর রশীদ বাদি হয়ে শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
দুদক সূত্র জানিয়েছে, মিসেস সালমা সুলতানা ওরফে সালমা জামান রাজউকের নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (টাইপিস্ট, নকশা অনুমোদন শাখা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এই পদে থেকে তার নিজের নামে ও পোষ্যদের নামে রাজধানীর উত্তরা এবং গুলশানে কয়েকটি ফ্ল্যাট কিনেছেন বলে ২০০৯ সালে দুদকে একটি অভিযোগ আসে। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর পক্ষে এ সম্পদ অর্জন করা সম্ভব নয় বলে অনুসন্ধানে নামে দুদক।
