চট্টগ্রামে সহিংসতা

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে ১৬ মামলা

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২৪
চট্টগ্রাম মহানগরীতে বিরোধী দলের হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা ১৬টি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। এসব মামলার মধ্যে নগরীতে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত মাদ্রাসায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় দায়ের করা তিনটি মামলাও রয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র জানায়, গত বছরের শেষের দিকে বিভিন্ন সহিংস ঘটনায় নগরীর বিভিন্ন থানায় সর্বমোট ১৫৬টি মামলা দায়ের হয়। যাচাই বাছাইয়ের পর গুরুত্ব বিবেচনা করে ১৬টি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলার তদন্তই প্রায় শেষ পর্যায়ে। মাদ্রাসায় বিস্ফোরণের তিন মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১০দিনের মধ্যে অবশিষ্ট মামলাগুলোর চার্জশিট দাখিল প্রক্রিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মো. বাবুল আক্তার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তবে এসব মামলায় আসামি হিসেবে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক নেতার নাম নেই বলে তিনি জানান ।