বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২৪
ভারতের পেট্রাপোল চেকপোস্টে শ্রমিকদের চলার পথে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া দিয়ে ক্যাম্প নির্মাণের প্রতিবাদে গতকাল রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওই দেশের শ্রমিকরা। পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, বন্দরের শ্রমিকরা রপ্তানি টার্মিনাল থেকে ইমিগ্রেশনের পাশের একটি পথ দিয়ে বন্দরের ছাউনিতে যাওয়া-আসা করতো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা কাউকে কিছু না বলে গত শনিবার রাতে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে ক্যাম্প নির্মাণ করেন। এরপর গতকাল সকালে শ্রমিকরা কাঁটাতারের বেড়াসহ ক্যাম্প সরিয়ে নিতে বিএসএফকে জানালেও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর প্রতিবাদে সকাল ১১টা থেকে বন্দরের শ্রমিকরা রাস্তার উপর শুয়ে অবরোধ করে রাখে। এ ঘটনায় ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে বন্দর এলাকায় শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে।