বিশেষ ক্লাসের দৌরাত্ম্য

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৩
রাজধানীর স্কুলগুলোতে চলছে বিশেষ ক্লাসের দৌরাত্ম্য। পঞ্চম, অষ্টম এবং নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পাইকারি দরে নিষ্পিষ্ট হচ্ছে বিশেষ ক্লাসের জাঁতাকলে। শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ছে। পাশাপাশি বিপর্যন্ত হয়ে পড়ছেন অভিভাবককুল। একদিকে তারা পড়ছেন অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপের ভেতর। অন্যদিকে ছেলে-মেয়েদের মানসিক স্ট্রেস সামাল দিতে হচ্ছেন হয়রান। পঞ্চম, অষ্টম এবং নবম-দশম শ্রেণীর সব ছাত্র-ছাত্রীকেই ক্লাস টাইম ৫/৬ ঘন্টার অতিরিক্ত আরো সাড়ে তিন থেকে চার ঘন্টা স্কুলে থেকে ‘বিশেষ ক্লাসে’র ‘বিশেষ বিদ্যা’ হাসিল করতে হচ্ছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে শেষ পর্যন্ত এই বিশেষ ক্লাস অর্থ এবং সময় অপচয়ের উদাহরণরূপে মূর্তিমান হচ্ছে। তার সঙ্গে অতিরিক্ত যা হচ্ছে তা হলো মানসিক অবসাদের শিকার হচ্ছে ছাত্র-ছাত্রীরা। বিশেষ ক্লাস শেষ পর্যন্ত স্কুলগুলোর বিশেষ ব্যবসারূপে শিক্ষার বারোটা বাজানোর বিশেষ ব্যবস্থায় পূরণ হচ্ছে। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার অন্তরায় বিশেষ ক্লাস এখনই বন্ধ করা উচিত। শুভ মাহমুদ, মেলোডি হোমস, মগবাজার, ঢাকা