নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে বাড়িতে লুকিয়ে রাখা বিরল বন্য প্রাণী বনরুই উদ্ধার করেছে পুলিশ। পরে তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রমতে, একটি প্রতারক চক্র বিরল বন্য প্রাণী একটি বনরুই বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ভারতের আসাম রাজ্য থেকে নিয়ে আসে। পরে ওই চক্রের সদস্য কচাকাটা কাশিমবাজার ছনবান্দা গ্রামের আব্দুর রশিদের বাড়ির একটি ঘরে বস্তাবন্দি করে তা লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক খলিল জানান, বনরুইটি বিরল বন্য প্রাণী হিসেবে উদ্ধার করে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, প্রাণীটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার অফিসে পাঠানো হয়েছে।
