রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে প্রতি বছর ২৪ এপ্রিল দেশের সব গার্মেন্টস কারখানা-অফিসে ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়। রানা প্লাজা ট্র্যাজেডির এক বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সংযুক্ত শ্রমিক ফেডারেশন।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিক ও পরিবার ন্যায্য আর্থিক ক্ষতিপূরণ পায়নি। আহত অনেক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। দুর্ঘটনার শিকার কয়েকশ’ শ্রমিকের খোঁজ মেলেনি এখনও। দুর্ঘটনার পর সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক প্রতিশ্রুতি করা হলেও এ খাতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, রানা প্লাজা দুর্ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প ও মানবিক বিপর্যয়। লোভ ও অসচেতনতার ফলে কত বড় বিপর্যয় ঘটতে পারে তার বড় উদাহরণ এই ট্র্যাজেডি। এ ধরনের বিপর্যয় এড়াতে সচেতনতা তৈরির বিকল্প নেই। এসময় তিনি দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান এবং জাতীয় সচেতনতায় প্রতি বছর ২৪ এপ্রিল গার্মেন্টস সেক্টরে ছুটি ঘোষণা করার আহবান জানান। তিনি দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক্ষেপ নেয়ার আহবান জানান।
