টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষ :আহত ৫০

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এলাকার আধিপত্য নিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল রবিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ১৮ জনকে টুঙ্গিপাড়া ও ১২ জনকে গোপালগঞ্জ হাসাপতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার অধিপত্য নিয়ে কুশলী ইউপি চেয়ারম্যান পারভেজ রেজা ও ৭নং ওয়ার্ড মেম্বার মিরাজ গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। বর্ণি বাঁওড়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকরা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করলে বিরোধ শুরু হয়। টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এলাকার আধিপত্য নিয়ে চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।